২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় (SQ) আবেদন করা শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন ও অনুমোদন ১৩ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে সম্পন্ন করতে দেশের সব কলেজ অধ্যক্ষকে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, বিশেষ কোটায় অনলাইনে আবেদন করা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন পোর্টালে ভর্তি নিশ্চায়ন করতে হবে।
এ জন্য কলেজগুলোকে একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে নিজ নিজ ইআইআইএন (EIIN) নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ করতে ব্যর্থ হলে পরবর্তী কোনো জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
এর আগে ৬ সেপ্টেম্বর বিশেষ কোটায় ভর্তির যোগ্য শিক্ষার্থীদের বিষয়ে বিস্তারিত নীতিমালা প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নীতিমালা অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, প্রবাসীদের সন্তান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা এ কোটায় আবেদন করতে পারছেন।
এসব ক্ষেত্রে প্রয়োজনীয় দাপ্তরিক প্রমাণক যাচাই-বাছাই করে নির্ধারিত ন্যূনতম জিপিএর শর্ত শিথিল করে বোর্ডে ম্যানুয়ালি আবেদনের সুযোগ রাখা হয়েছে।
একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য উন্মুক্ত রেখে মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। বাকি ৭ শতাংশ আসন সংরক্ষিত। এর মধ্যে ৫ শতাংশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য নির্ধারিত।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

