রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বুধবার দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের অনুভূতি খুব একটা কমবে না।
বুধবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

