মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরে বসতঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামে এক তরুণীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত আইভী একই এলাকার আসলাম শরীফের মেয়ে এবং শরীয়তপুর শহরের কাতারপ্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী। পারিবারিক অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকেই তিনি চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন। প্রায় এক বছর আগে স্বজনদের আপত্তি সত্ত্বেও ফেরদৌসের সঙ্গে তাঁর বিয়ে হয়। স্বামী বিদেশে থাকায় তিনি চাচার বাড়িতেই অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় আইভীর চাচা মসজিদে এবং চাচি চিকিৎসকের কাছে যাওয়ার পর তিনি বাড়িতে একা ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে। পরে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার সময় একটি আইফোনও চুরি হয়েছে বলে জানা গেছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আইভীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। চুরির উদ্দেশ্যে, নাকি অন্য কোনো বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।