কয়েকদিনের বৃষ্টির কারণে রাজধানীর বাজারে আবারও বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গোল বেগুন ও গাজর—প্রতি কেজি ১৪০ টাকা। এরপর কাঁচা মরিচ ১৬০ টাকা এবং বরবটি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে মিলছে কাঁচা পেঁপে, প্রতি কেজি ৩০ টাকা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগ, রামপুরাসহ বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি পটল ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, ঝিঙা, ধুন্দুল ও চিচিঙ্গা ৮০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি কেজি করলা ৮০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১০০ টাকা, গাজর ১৪০ টাকা, কচু ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা এবং ঢ্যাঁড়স ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ৬০ থেকে ৭০ টাকা এবং চারটি কাঁচা কলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সাম্প্রতিক বাজার পরিস্থিতিতেও সবজির দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ৫ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন বাজারে বেগুন ১০০ থেকে ১৪০ টাকা, বরবটি ১০০ থেকে ১২০ টাকা, গাজর ১৪০ টাকা, টমেটো ১২০ টাকা এবং শসা ৮০ টাকা কেজি দরে বিক্রির তথ্য পাওয়া যায়।

কৃষি বিপণন অধিদপ্তরের ৯ সেপ্টেম্বরের ঢাকা মহানগরীর খুচরা বাজারদরের তথ্য অনুযায়ী, বেগুন ৬০ থেকে ১০০ টাকা, শসা ৪০ থেকে ৮০ টাকা, কাঁচা পেঁপে ১৫ থেকে ৩০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে ছিল। অর্থাৎ বাজার ও জাতভেদে দামের পার্থক্য রয়েছে।

ক্রেতারা বলছেন, কয়েক সপ্তাহ ধরে সবজির দাম পুরোপুরি স্বস্তিদায়ক পর্যায়ে আসেনি। এর মধ্যে বৃষ্টি শুরু হওয়ায় নতুন করে দাম বাড়ায় পরিবারের দৈনন্দিন বাজার খরচ আরও বেড়েছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী জাহিদুর রহমান বলেন, ‘আজ বাজার করতে এসে দেখছি সবজিগুলোর দাম বাড়তি। বলতে গেলে প্রায় সব সবজির দামই বেড়েছে। গত সপ্তাহে তুলনামূলক কম ছিল, আজ দেখছি আবার বাড়তি দাম।’

রামপুরা বাজারের সবজি বিক্রেতা তোফাজ্জাল হোসেন বলেন, কয়েকদিনের বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে। পাইকারি বাজারেও সবজির দাম বেড়েছে। ফলে খুচরা বাজারে তার প্রভাব পড়েছে।

তিনি বলেন, ‘আজকের বাজারে সবচেয়ে বেশি দাম যাচ্ছে বেগুনের, প্রতি কেজি ১৪০ টাকা। অন্যদিকে পেঁপে সবচেয়ে কম, প্রতি কেজি ৩০ টাকা। বৃষ্টি থেমে গেলে সরবরাহ স্বাভাবিক হয়ে সবজির দামও কিছুটা কমতে পারে।’

ব্যবসায়ীদের মতে, বৃষ্টিতে ক্ষেত থেকে সবজি সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণে সমস্যা হলে সরবরাহ কমে যায়। এতে পাইকারি পর্যায়ে দাম বাড়ার পাশাপাশি খুচরা বাজারেও তার প্রভাব পড়ে। এর আগেও টানা বৃষ্টির সময় সরবরাহ ব্যাহত হয়ে রাজধানীর বাজারে সবজির দাম বাড়ার নজির দেখা গেছে।

তবে বৃষ্টি কমে সরবরাহ স্বাভাবিক হলে এবং পাইকারি বাজারে দাম কমলে খুচরা পর্যায়েও সবজির দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ