বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে রবিউস সানি মাসের গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, রবিউস সানি মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে সংগ্রহ করা হয়। এসব তথ্য পর্যালোচনা করেই চাঁদ দেখা যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাঁদ দেখা যাওয়ায় রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস শুরু হচ্ছে। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, মাসটির ১১ তারিখে পালিত হয় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। এ হিসাবে ২৩ সেপ্টেম্বর, বুধবার দেশে ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভীসহ ধর্মবিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, স্পারসো, মন্ত্রিপরিষদ বিভাগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

