ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার দুই সিটির মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এদিন ঢাকার দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে এনসিপির সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়। সভায় নাহিদ ইসলাম দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া দলীয় নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশনা দেওয়া হয়।

সভায় ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের এনসিপির আহ্বায়ক ইসহাক সরকার ও আরিফুল ইসলাম আদীবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।