বাংলাদেশ রেলওয়ের প্যানেল আইনজীবী নিয়োগে আবেদন করা যাবে আগামী ৪ অক্টোবর ২০২৬ বিকেল ২টা পর্যন্ত। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে রেলওয়ের পক্ষে মামলা পরিচালনা ও প্রয়োজনীয় আইনগত সেবা দিতে তিনটি ক্যাটাগরিতে মোট ২২ জন প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ডাকযোগে অথবা সরাসরি।
বাংলাদেশ রেলওয়ের ‘প্যানেল আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৬’ অনুযায়ী, আপিল বিভাগের পূর্বাঞ্চলের জন্য দুইজন, হাইকোর্ট বিভাগের পশ্চিমাঞ্চলের জন্য আটজন এবং পূর্বাঞ্চলের জন্য ১২ জন আইনজীবী নেওয়া হবে। প্রাথমিকভাবে প্যানেলভুক্তির মেয়াদ তিন বছর।
আপিল বিভাগের পূর্বাঞ্চলের দুই পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি আপিল বিভাগে তালিকাভুক্তিসহ মামলা পরিচালনার অভিজ্ঞতাও প্রয়োজন।
হাইকোর্ট বিভাগের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের প্যানেল আইনজীবী পদের জন্য আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্যানেল আইনজীবী নির্বাচনে মোট ১০০ নম্বরে মূল্যায়ন করা হবে। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতায় ২৫, আইনজীবী হিসেবে সাধারণ অভিজ্ঞতায় ২০, সুনির্দিষ্ট অভিজ্ঞতায় ৪৫ এবং প্যানেল আইনজীবী হিসেবে অভিজ্ঞতায় পাঁচ নম্বর রাখা হয়েছে। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
আবেদনকারীর বয়স ৪ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬০ বছর হতে হবে। তবে অবসরপ্রাপ্ত জেলা জজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, বার কাউন্সিলের সনদ, সংশ্লিষ্ট আদালতে মামলা পরিচালনার অভিজ্ঞতার প্রমাণপত্র এবং তিন কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। এ নিয়োগে কোনো আবেদন ফি নেই।
আবেদনপত্র পাঠাতে হবে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), বাংলাদেশ রেলওয়ে এবং আহ্বায়ক, প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি, রেলভবন (কক্ষ নম্বর-৪০১), ঢাকা বরাবর।
২০২৫ সালের ৫ মার্চের বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতার তথ্য হালনাগাদ করতে চাইলে পুনরায় আবেদন করতে পারবেন। একজন আবেদনকারী একাধিক প্যাকেজে প্যানেলভুক্তির জন্য আলাদাভাবে আবেদন করতে পারবেন।

