সাত বছর পূর্তি উপলক্ষে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও টেকসই ব্যাংকিং সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ভবিষ্যতে আরও শক্তিশালী ও গ্রাহকবান্ধব ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সে কেক কাটেন ব্যাংকের চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির বলেন, সাত বছরে কমিউনিটি ব্যাংক যে আস্থা ও সক্ষমতা অর্জন করেছে, তা গর্বের বিষয়। ভবিষ্যতে আরও আধুনিক, জনবান্ধব ও টেকসই ব্যাংকিং সেবা নিশ্চিত করে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, রূপান্তর, প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের মাধ্যমে কমিউনিটি ব্যাংককে আগামী দিনে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।
তিনি বলেন, প্রতিষ্ঠার সাত বছরে ব্যাংক একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। পরিবর্তনশীল ব্যাংকিং খাতের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তি, উদ্ভাবন ও সেবার মান আরও উন্নত করার পাশাপাশি গ্রাহকের আস্থা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়েও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মকর্তা-কর্মচারীরা কেক কাটার পাশাপাশি ব্যাংকের সাত বছরের পথচলার স্মৃতি, অর্জন ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সম্মিলিত প্রচেষ্টা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে দেশের আর্থিক অগ্রযাত্রায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় কমিউনিটি ব্যাংক। ২০২৯ সালের মধ্যে ব্যাংকটিকে একটি আস্থাশীল, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

