নারী উদ্যোক্তাদের অর্থায়ন ও ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে অবদানের স্বীকৃতি হিসেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেয়েছে ব্র্যাক ব্যাংক।

এডিবির ১২তম ‘ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম’ অ্যাওয়ার্ডসের অংশ হিসেবে গত ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংককে এ পুরস্কার দেওয়া হয়।

নারী উদ্যোক্তাদের সহজ অর্থায়ন, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং নারীবান্ধব ব্যাংকিং পরিবেশ তৈরিতে ব্যাংকটির উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

ব্র্যাক ব্যাংকের নারী ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ (TARA) এবং ‘এসএমই উইমেন অন্ট্রপ্রেনর সেল’-এর কার্যক্রম এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ব্যাংকটি। নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করা, ব্যবসাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং সম্প্রসারণে এসব উদ্যোগের মাধ্যমে আর্থিক সমাধান, পরামর্শ ও দক্ষতা উন্নয়নের সহায়তা দেওয়া হয়।

সিঙ্গাপুরের অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন রিটেইল ব্যাংকিং অ্যান্ড ট্রেজারির সিনিয়র এইচআর বিজনেস পার্টনার ফারহানা শারমিন সুমী এবং কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের হেড অব ইউনিট-২ জাকিয়া জলিল।

অনুষ্ঠানে এডিবির জেন্ডার ইকুয়ালিটি বিভাগের ডিরেক্টর ও হেড কেইকো নাওকা, ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স বিভাগের ডিরেক্টর ও হেড স্টিভেন বেক এবং দক্ষিণ এশিয়া ইউনিটের হেড নেহা নোরোনহাসহ এডিবির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ। এডিবির এই স্বীকৃতি নারী উদ্যোক্তাদের সহায়তায় ব্যাংকের উদ্যোগকে আরও উৎসাহিত করবে।

ব্যাংকটি জানিয়েছে, নারী-নেতৃত্বাধীন ব্যবসাগুলোর জন্য অর্থায়নের সুযোগ বাড়ানোর পাশাপাশি তাদের দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধিতে সহায়তা করতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।

এডিবির ‘ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম’ অ্যাওয়ার্ডসের মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগী আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাণিজ্য ও সাপ্লাই চেইন ফাইন্যান্সে অবদানকে স্বীকৃতি দেওয়া হয়।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ