ডিজিটাল লেনদেন আরও সহজ করতে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআর কোডে পরিশোধ করা অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপে বাংলা কিউআর পেমেন্টের আইকন স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। এ ক্ষেত্রে ২০২১ সালের ৬ জানুয়ারির সার্কুলারে নির্ধারিত লোগো ব্যবহার করতে হবে।
এ ছাড়া ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর স্ক্যানের পাশাপাশি কিউআর ইমেজ আপলোড করেও পেমেন্টের সুবিধা চালু করতে হবে।
একই সময়সীমার মধ্যে কার্ডধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবের গ্রাহককে মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নির্দেশনা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ২০২৫ সালের ২৪ নভেম্বর জারি করা এ-সংক্রান্ত আগের সার্কুলারের নির্দেশনা বাতিল হবে। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারার আওতায় নতুন নির্দেশনাগুলো জারি করা হয়েছে।
ফিনান্সিয়াল বার্তা/ এইচ

