সাগর থেকে আসা হাওয়াকে তাড়িয়ে হিমালয় থেকে শীতল হাওয়া ক্রমে দেশের দক্ষিণের দিকে আসতে শুরু করেছে। এর মাধ্যমে বাংলাদেশে যে ছয় ঋতু রয়েছে তার অন্যতম শীতকাল শুরু হয়ে গেছে দেশের বেশিরভাগ অঞ্চলে। শীত নামতে থাকায় আবহাওয়া অফিস দিয়েছে এক নতুন বার্তা।
আবহাওয়া দফতরের তথ্যমতে উত্তরের জেলাগুলোতে বেশ শীত গুছিয়ে নেমে এসেছে। শুক্রবার (১৪ নভেম্বর) তেঁতুলিয়াতে ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় মাসের শেষদিকে সাগরে ঝড়ের পরিস্থিতি দেখা না দিলে তাপমাত্রা হয়তো দ্রুতই নামতো। কুয়াশার চাদর বেয়ে শৈত্যপ্রবাহ হয়তো বিস্তৃত হতো পুরো দেশে। এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে বিডব্লিউওটি।
বিডব্লিউওটি জানায়, চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসতে পারে। তবে এর আগেই সারা দেশে শীত অনুভব হবে। কিন্তু তা শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার মতো তাপমাত্রা কমবে না। হিম শীতল মিষ্টি ঠান্ডা নভেম্বরের পুরো সময়টাতেই উপভোগ করা যাবে।

