রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ। মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় ঢাকার সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’’ তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
অধ্যাপক হাসিবুর জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাজাপ্রাপ্ত আসামি।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।
ওই দিন উপাচার্য হাসিবুর রশীদের পদত্যাগ দাবি করে তার বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করেন হাসিবুর রশীদ। কিন্তু পদত্যাগ করেন ৮ অগাস্ট।
সেদিন ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি। অধ্যাপক হাসিবুর রশীদ উপাচার্যের দায়িত্ব নেন ২০২১ সালের ১৪ জুন। তিনি অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহর স্থলাভিষিক্ত হন। উপাচার্যের দায়িত্ব নেওয়ার আগে হাসিবুর রশীদ ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের দায়িত্বে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে শিক্ষকতা করেন তিনি।

