রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে সরকার। ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪০ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার (২৭ মে) হাসপাতালটি পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ভোরে হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। ওই ওয়ার্ডে মোট ১১ জন মা ছিলেন। এর মধ্যে ছয়জনের নবজাতক মায়ের কাছেই ছিল, যাদের বয়স ছিল এক থেকে তিন দিনের মধ্যে। অন্য পাঁচ নবজাতক এনআইসিইউতে চিকিৎসাধীন ছিল।
পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কক্ষের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মহাপরিচালক। তিনি জানান, কক্ষটিতে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা ছিল না। এসি বন্ধ হলে রুমটি প্রায় বদ্ধ পরিবেশে পরিণত হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি জটিলতা বা অন্য কোনো কারিগরি ত্রুটির কারণে সেখানে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের একজন উপপরিচালক এবং অধিদপ্তরের আরেকজন কর্মকর্তা।
এই জায়গাটিতে আমাদের কাছে মনে হচ্ছে যে একটি দুর্বলতা আছে এবং কর্তৃপক্ষ এটি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু সেবার দিক থেকে কোনো ত্রুটি আছে কিনা, এটি আমরা অবশ্যই খতিয়ে দেখব এবং এ বিষয়টি আমাদের নজরে এসেছে।”
তদন্তে চিকিৎসা ব্যবস্থাপনা, ওয়ার্ডের পরিবেশ, অবকাঠামোগত নিরাপত্তা এবং দায়িত্বে কোনো অবহেলা ছিল কি না- এসব বিষয় খতিয়ে দেখা হবে। প্রতিবেদনে গাফিলতি বা ত্রুটির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

