কোরবানির ঈদকে সামনে রেখে আলোচনায় এসেছে সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। সিনেমাটির নতুন গান ‘জোছনা’ প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে অভিনেত্রী পরীমণি ও সাইমন সাদিকের রসায়ন ঘিরে।

বুধবার (২৭ মে) জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি। আবেগঘন কথামালা ও সুরে তৈরি এ গানে কণ্ঠ দিয়েছেন তানযীর তুহীন। গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক এবং সুর করেছেন প্রখ্যাত সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। সংগীতায়োজনে ছিলেন শাকের রাজা।

‘কারো ধার ধারছিনা মনে রাখিস, কোনো ছাড় ছাড়ছিনা মনে রাখিস’-এমন কথায় এগিয়ে যাওয়া গানটিতে সম্পর্ক, আবেগ ও ভাঙা-গড়ার এক মানবিক গল্প ফুটে উঠেছে। গানের ভিডিওতে পরীমণিকে দেখা গেছে কাজল চৌধুরী চরিত্রে, আর তার বিপরীতে রয়েছেন সাইমন সাদিক। দুজনের পর্দা উপস্থিতি দর্শকদের মধ্যে ইতোমধ্যেই সাড়া ফেলেছে।

গানটি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে সুরকার প্রিন্স মাহমুদ বলেন, এটি মূলত বাণিজ্যিক চিন্তা থেকে তৈরি করা হয়নি; বরং আত্মতৃপ্তির জায়গা থেকেই কাজটি করেছেন তিনি।

রেজা ঘটকের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘ডোডোর গল্প’ সিনেমাটি একটি পারিবারিক ও মানবিক সম্পর্কনির্ভর কাহিনি নিয়ে তৈরি। এতে আরও অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, শহিদুল আলম সাচ্চু ও আহসান হাবিব নাসিম।

২০২৩ সালের অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হয়। ইতোমধ্যে দৃশ্যধারণের কাজ শেষ হলেও এখনও মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি।