প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তবে পরাজয়ের চেয়েও বেশি আলোচনায় এসেছে ম্যাচ-পরবর্তী একটি দাবি। জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টাইব্রেকারের আগে দলের চার ফুটবলার পেনাল্টি নিতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন।

রাউন্ড অব ৩২-এর ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে জার্মানি ও প্যারাগুয়ের লড়াই ১-১ গোলে অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে শেষ ষোলো নিশ্চিত করে প্যারাগুয়ে।

টাইব্রেকারের সাডেন ডেথে জার্মান ডিফেন্ডার জোনাথান তাহের শট লক্ষ্যভ্রষ্ট হলে বিদায় নিশ্চিত হয় জার্মানির। উল্লেখযোগ্য বিষয় হলো, তাহ মূল পেনাল্টি শুটারদের তালিকায় ছিলেন না। তার আগে থাকা কয়েকজন খেলোয়াড় পেনাল্টি নিতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত তাকে শট নিতে হয়।

জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, লিওন গোরেৎজকা, ওয়াল্ডেমার অ্যান্টন, ন্যাথানিয়েল ব্রাউন এবং মালিক থিয়াও আত্মবিশ্বাসের অভাবে পেনাল্টি নিতে রাজি হননি। প্রতিবেদনে আরও বলা হয়, অধিনায়ক জোশুয়া কিমিখ তাদের পেনাল্টি নেওয়ার অনুরোধ করলেও তারা সম্মতি দেননি। এমনকি জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলা অভিজ্ঞ মিডফিল্ডার গোরেৎজকাকে দুবার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।

টাইব্রেকারে জার্মানির হয়ে প্রথম শট নিতে গিয়ে ব্যর্থ হন কাই হাভার্টজ। তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল। এরপর জোশুয়া কিমিখ, জামাল মুসিয়ালা ও আমিরি সফল হলেও প্যারাগুয়ের খেলোয়াড়রাও ধারাবাহিকভাবে গোল করেন। একপর্যায়ে উভয় দলের কয়েকটি শট মিস হওয়ায় লড়াই গড়ায় সাডেন ডেথে। সেখানে তাহের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে জার্মানির বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়।

তবে পেনাল্টি নিতে চার ফুটবলারের অনাগ্রহের বিষয়ে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) বা সংশ্লিষ্ট খেলোয়াড়দের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।