এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমে ১ হাজার ৫২৮ টাকা হয়েছে। নতুন এ দাম বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, প্রতি কেজি এলপিজির দাম কমিয়ে ১২৭ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতি কেজির দাম ছিল ১৫৭ টাকা ৬ পয়সা। ফলে বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামও নতুন এই হার অনুযায়ী নির্ধারিত হবে।
এছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা করা হয়েছে। তবে সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারে এলপিজির মূল্য কমে যাওয়ায় দেশে দাম সমন্বয় করেছে বিইআরসি। মধ্যপ্রাচ্যের সংঘাতের সময় আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় এপ্রিলে ১২ কেজি সিলিন্ডারের মূল্য দেশের ইতিহাসে সর্বোচ্চ ১ হাজার ৯৪০ টাকা হয়েছিল। যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক বাজারে দাম কমতে শুরু করায় জুনে তা ১ হাজার ৮৮৫ টাকায় নেমে আসে। এবার জুলাই মাসে আরও ৩৫৭ টাকা কমানো হলো।
২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি প্রতি মাসে সৌদি আরবের আরামকো ঘোষিত সৌদি কার্গো মূল্য (Saudi CP), আমদানি ব্যয় এবং ডলারের গড় বিনিময় হার বিবেচনায় দেশে এলপিজির মূল্য নির্ধারণ করছে। তবে ভোক্তাদের অভিযোগ, অনেক এলাকায় এখনও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে।

