দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১১৯ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সর্বশেষ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৩১ শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭২৪ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১৫৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৬৫ জন। একই সময়ে ৯০২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৮৭৭ জন বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৯৯৩ জন। এর মধ্যে ১২ হাজার ২৮৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে মোট ৮৬ হাজার ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৮২ হাজার ৭৫৯ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

