বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বিকেলে রাজধানীর মিরপুরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে মিরপুরের একটি চায়নিজ রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। পরে তাঁর মরদেহ পল্লবীর বাসায় নেওয়া হয়।

২০২৪ সালের ২৮ অক্টোবর তিনি বাংলা একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্ম নেওয়া অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘ চার দশকের বেশি সময় শিক্ষকতা করেন। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার, সাহিত্যচর্চা ও বুদ্ধিবৃত্তিক আন্দোলনে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। তিনি ‘মুক্তিসংগ্রাম’, ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’ ও ‘সংস্কৃতির সহজ কথা’সহ তিন দশকের বেশি মৌলিক গ্রন্থ রচনা করেন। ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারসহ একাধিক সম্মাননা লাভ করেন।

তাঁর মৃত্যুতে শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীও তাঁর বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানাবেন বলে জানা গেছে।