বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছে নরওয়ে। শেষ ষোলোর লড়াইয়ে আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। চতুর্থ মিনিটে নরওয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। ১০ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। তবে ব্রুনো গুইমারেসের শট দারুণভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ড।
এরপর ম্যাথিউস কুনহা, মার্তিনেল্লি ও পরে বদলি হিসেবে নামা এন্দ্রিক একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি ব্রাজিল। ৬৭ মিনিটে মাঠে নামেন নেইমার জুনিয়র, কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হালান্ড।
৭৯তম মিনিটে কর্নার থেকে আসা বলে দুর্দান্ত হেডে নরওয়েকে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। এরপর ৯০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শক্তিশালী শটে নিজের দ্বিতীয় ও দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার। তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নরওয়ে।
অন্যদিকে, সুযোগ নষ্ট ও পেনাল্টি মিসের খেসারত দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো কার্লো আনচেলত্তির ব্রাজিলকে। হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে ইতিহাস গড়ে শেষ আটে উঠে গেল নরওয়ে।

