আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার ও বিদ্যমান শর্তাবলি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে চলতি বছরের জানুয়ারি-জুন মেয়াদে কার্যকর থাকা একই সুদের হার জুলাই-ডিসেম্বর সময়েও বহাল থাকবে।
সোমবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক, যা দেশের সব তফসিলি (বাণিজ্যিক) ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এর আগে ২ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমে জানুয়ারি-জুন মেয়াদের সুদের হার ও শর্তই কার্যকর থাকবে। আদেশটি ১ জুলাই থেকেই কার্যকর হিসেবে গণ্য হবে।
এ সিদ্ধান্তের ফলে নতুন বিনিয়োগকারী এবং এ সময়ের মধ্যে সঞ্চয়পত্র ক্রয়কারী গ্রাহকরা আগের মতোই বিদ্যমান হার অনুযায়ী মুনাফা পাবেন। পাশাপাশি স্কিমগুলোর অন্যান্য শর্তেও কোনো পরিবর্তন আনা হয়নি।
জাতীয় সঞ্চয় স্কিম সরকারের অভ্যন্তরীণ ঋণের গুরুত্বপূর্ণ উৎস। অবসরপ্রাপ্ত ব্যক্তি, নারী, প্রবাসী, মধ্যবিত্ত ও ক্ষুদ্র সঞ্চয়কারীদের কাছে এটি দীর্ঘদিন ধরে নিরাপদ ও জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে।

