বরিশালে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর এক সদস্যের ওপর শারীরিক নির্যাতন, সংবেদনশীল অঙ্গে আঘাত, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর আদায়ের অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে রিহ্যাব।

রোববার রাজধানীতে রিহ্যাবের প্রধান কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, বরিশালের রিহ্যাব সদস্য, বাকলা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আজিজ হাওলাদারের ওপর হামলা শুধু একজন উদ্যোক্তার ওপর আক্রমণ নয়, বরং দেশের নিরাপদ বিনিয়োগ পরিবেশের ওপরও গুরুতর আঘাত।

তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ রিহ্যাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও তাদের দ্রুত জামিনের চেষ্টা এবং ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উদ্বেগজনক। এসব অভিযোগ সত্য হলে তা বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা বলে মন্তব্য করেন তিনি।

রিহ্যাব প্রশাসনের প্রতি ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেছে, ব্যবসায়িক বা আর্থিক বিরোধের সমাধান অবশ্যই আইন ও আদালতের মাধ্যমে হতে হবে, কোনোভাবেই সহিংসতা বা জোরজবরদস্তির মাধ্যমে নয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটি চার দফা দাবি জানায়—দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে আবাসন খাতের উদ্যোক্তাদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণ। রিহ্যাবের দাবি, নিরাপদ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এ ঘটনার সুষ্ঠু বিচার অত্যন্ত জরুরি।