জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক (Executive Director) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। সরকারি প্রজ্ঞাপন জারি হলে তিনি বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার নিয়োগসংক্রান্ত ফাইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে এ পদে দায়িত্ব পালন করছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খান।

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক সদস্য দেশগুলোর প্রতিনিধিত্ব করে ঋণ, অনুদান, উন্নয়ন প্রকল্প, নীতিগত সিদ্ধান্ত এবং বিভিন্ন আর্থিক কার্যক্রম-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেন। তার অনুপস্থিতিতে বিকল্প নির্বাহী পরিচালক দায়িত্ব পালন করেন এবং পরিচালনা পর্ষদের কার্যক্রমে সহায়তা করেন।

আবদুর রহমান খানের সম্ভাব্য এই নিয়োগকে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।