ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের অন্তর্বর্তী সমঝোতার (এমওইউ) বিষয়ে আশাবাদী মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (স্থানীয় সময়) হরমুজ প্রণালীর তীরবর্তী বন্দর আব্বাস, সিরিক, বুশেহর ও আবু মুসা দ্বীপ এলাকায় বিস্ফোরণের খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এ অভিযান চালানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইরানের সাম্প্রতিক নৌ হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে একই ধরনের ঘটনা ঘটলে যুক্তরাষ্ট্র আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় বুশেহর প্রদেশ লক্ষ্যবস্তু হলেও দেশের গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অক্ষত রয়েছে। একই সঙ্গে তেহরান বলছে, হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল নিয়ন্ত্রণের অধিকার তাদের রয়েছে এবং তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।

এদিকে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের সমালোচনা করে সতর্ক করেছেন, নতুন করে সংঘাত শুরু হলে তা আরও প্রাণহানি, অর্থনৈতিক ক্ষতি এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়াবে।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আবারও তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজার, বিশেষ করে তেলের দাম ও বৈশ্বিক বাণিজ্যে এর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান