ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মরক্কো শিবিরের সংবাদ সম্মেলনে ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মরক্কোর তারকা মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ ও প্রধান কোচ মোহম্মদ ওয়াহবি। তবে প্রশ্নোত্তর পর্ব শুরুর কিছুক্ষণের মধ্যেই দুই সাংবাদিকের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, এক পর্যায়ে এক সাংবাদিক অপরজনকে উদ্দেশ্য করে চিৎকার করে বলেন, তুমি আমার গায়ে হাত তুললে কেন? তুমি কোনোভাবেই আমাকে মারতে পারো না।” পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত হস্তক্ষেপ করেন আয়োজক ও নিরাপত্তাকর্মীরা। পরে দুই সাংবাদিককে আলাদা করে সংবাদ সম্মেলন স্বাভাবিক করা হয়।

ঘটনার সময় ব্রাহিম দিয়াজ কিছুক্ষণ বিস্মিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিবেশ স্বাভাবিক হওয়ার পর তাকে আবার প্রশ্ন করা হলে তিনি হাসতে হাসতে বলেন, সত্যি বলতে আমি প্রশ্নটাই ভুলে গিয়েছি তার এই মন্তব্যে উত্তেজনাপূর্ণ পরিবেশে উপস্থিতদের মধ্যে কিছুটা হাস্যরসের সৃষ্টি হয়।

সংবাদ সম্মেলনে মরক্কোর প্রধান কোচ মোহম্মদ ওয়াহবি বলেন, দলের কৌশল নিয়ে লুকানোর কিছু নেই। আগের ম্যাচগুলো দেখলেই বোঝা যাবে মরক্কো কী ধরনের ফুটবল খেলতে চায়। একই সঙ্গে তিনি জানান, ফ্রান্সের খেলার ধরন সম্পর্কেও তাদের স্পষ্ট ধারণা রয়েছে এবং ম্যাচে যে দল নিজেদের পরিকল্পনা সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করতে পারবে, জয় তাদেরই হবে।

কোচ আরও বলেন, কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে খেলা সেমিফাইনালের সঙ্গে এবারের ম্যাচের তুলনা করার সুযোগ নেই। তার ভাষায়, “প্রতিটি ম্যাচই আলাদা। আমাদের বর্তমান দল আগের চেয়ে আরও পরিণত, ফ্রান্সও শক্তিশালী হয়েছে। তাই অতীত নয়, বর্তমান পারফরম্যান্সই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে।”

প্রসঙ্গত, ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কো প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল। এবারও দলটি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। ফলে ফ্রান্স-মরক্কো লড়াইকে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে দেখা হচ্ছে।