দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১৯০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৪৮ জন, ঢাকা উত্তর সিটিতে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩১ জন, খুলনা বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে সাতজন, ময়মনসিংহ বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে দুজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগে এবং অপরজন খুলনা বিভাগে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ১২ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসেই এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এর আগে জুন মাসে সর্বোচ্চ ১৩ জন, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে এবং মে মাসে একজন ডেঙ্গুতে প্রাণ হারান।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত ৭ হাজার ৭৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭ হাজার ৬৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গুর সংক্রমণও বাড়ছে। তাই বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।