ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে মরক্কোর ২-০ গোলে হারের পর গ্যালারিতে কান্নায় ভেঙে পড়েন বলিউড অভিনেত্রী ও মডেল নোরা ফাতেহি। ম্যাচ শেষে তার আবেগঘন মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চোখের পানি মুছছেন নোরা। এ সময় পাশে থাকা এক ব্যক্তি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। পুরো টুর্নামেন্টজুড়েই মরক্কোর ম্যাচগুলোতে গ্যালারিতে উপস্থিত থেকে দলটিকে সমর্থন দিতে দেখা গেছে তাকে।

ম্যাচ দেখতে স্টেডিয়ামে পৌঁছাতেও নোরাকে ভোগান্তির মুখে পড়তে হয়। বোস্টনের পথে তীব্র যানজটে আটকে গেলে শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে হেঁটেই স্টেডিয়ামে পৌঁছান তিনি। তবুও খেলা শুরুর আগেই গ্যালারিতে নিজের আসনে বসতে সক্ষম হন।

কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে মরক্কো শেষ পর্যন্ত প্রতিরোধ গড়তে পারেনি। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আফ্রিকার প্রতিনিধিরা।

ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে মরক্কো দলের লড়াইয়ের প্রশংসা করেন নোরা ফাতেহি। বিশেষ করে অধিনায়ক আশরাফ হাকিমিসহ পুরো দলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেন তিনি।

এদিকে, গত এক বছর ধরে নোরা ফাতেহি ও মরক্কো অধিনায়ক আশরাফ হাকিমির সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে নোরা বা হাকিমি—কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি বা সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি।