রাজধানী ঢাকায় ভোর থেকে টানা ভারি বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে বৃষ্টি, যানজট ও গণপরিবহনের সংকটে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

রোববার (১২ জুলাই) সকালে মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ফার্মগেট, মালিবাগ, বাড্ডা, যাত্রাবাড়ী, ডেমরা, পুরান ঢাকা, শান্তিনগর, গুলিস্তান, মতিঝিল, পল্টন ও কাকরাইলসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হয়। অনেক নিম্নাঞ্চল ও অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়ে।

বৃষ্টির পাশাপাশি বিভিন্ন স্থানে চলমান খোঁড়াখুঁড়ির কারণে সড়কের একাংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচল আরও ধীরগতির হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

চাকরিজীবী সাইফ বলেন, “প্রচণ্ড বৃষ্টিতে রাস্তাঘাট প্রায় তলিয়ে গেছে। যানবাহনও কম। বাস পেলেও হাঁটুপানি মাড়িয়ে উঠতে হচ্ছে।” আরেক যাত্রী জানান, বৃষ্টি হলেই রিকশা, সিএনজি ও বাসের সংকট দেখা দেয়। পাওয়া গেলেও স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হয়।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।