কিশোরগঞ্জের ভৈরবে এক স্কুলশিক্ষিকাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে প্রিয়া বেগম (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সিঁথি সীমিতা (২৮) স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষিকা। তিনি অভিযুক্তের মেয়েকে গত তিন মাস ধরে বাসায় গিয়ে পড়াতেন।

পরিবারের দাবি, টিউশনির বকেয়া টাকা চাওয়া কিংবা ২০ হাজার টাকা ধার না দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে। অভিযোগ রয়েছে, ছাত্রীকে পড়ানো শেষে বের হওয়ার সময় ঘরের দরজা বন্ধ করে সিঁথির ওপর ধারালো দা দিয়ে এলোপাতাড়ি হামলা চালান প্রিয়া।

হামলায় শিক্ষিকার মাথায় একাধিক গভীর ক্ষত, শরীরের বিভিন্ন স্থানে জখম এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

স্বজনদের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা এবং হামলার পেছনে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যও থাকতে পারে।

ভৈরব থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক (এসআই) এমদাদুল কবির জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার প্রকৃত কারণ টিউশনির বকেয়া, ধার-সংক্রান্ত বিরোধ নাকি অন্য কোনো উদ্দেশ্য—সব দিক তদন্ত করে দেখা হচ্ছে।