গভীর ঘুমের মধ্যে হঠাৎ মনে হয় যেন অনেক উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে শরীর কেঁপে ওঠে, বুক ধড়ফড় করে এবং ঘুম ভেঙে যায়। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে এই স্বাভাবিক ঘটনাকে বলা হয় হিপনিক জার্ক (Hypnic Jerk) বা স্লিপ স্টার্ট।
স্নায়ুরোগ বিশেষজ্ঞদের মতে, জেগে থাকা অবস্থা থেকে ঘুমের প্রথম ধাপে প্রবেশের সময় শরীরের পেশিতে হঠাৎ অনিচ্ছাকৃত সংকোচন বা ঝাঁকুনি তৈরি হলে এই অনুভূতি হয়। এ সময় অনেকেই মনে করেন যেন নিচে পড়ে যাচ্ছেন, শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো ঝাঁকুনি লাগছে বা হঠাৎ চমকে ঘুম ভেঙে যাচ্ছে।
বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৭ জন মানুষ জীবনের কোনো না কোনো সময়ে হিপনিক জার্কের অভিজ্ঞতা পান। এটি সাধারণত ঘুমের প্রথম বা দ্বিতীয় ধাপে ঘটে, যখন শরীর ও মস্তিষ্ক ধীরে ধীরে বিশ্রামের অবস্থায় প্রবেশ করে।
হিপনিক জার্কের নির্দিষ্ট কোনো কারণ না থাকলেও অতিরিক্ত ক্লান্তি, অনিদ্রা, মানসিক চাপ, উদ্বেগ, রাতে বেশি চা-কফি বা ক্যাফেইন গ্রহণ, ধূমপান এবং দীর্ঘদিনের বিষণ্নতা এর ঝুঁকি বাড়াতে পারে।
চিকিৎসকদের মতে, বেশিরভাগ ক্ষেত্রেই এটি কোনো রোগের লক্ষণ নয় এবং আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে যদি প্রায় প্রতিদিন এমন হয়, এর সঙ্গে খিঁচুনি, শরীর শক্ত হয়ে যাওয়া, মুখ দিয়ে ফেনা বের হওয়া বা ঘুমের মধ্যে অজান্তে প্রস্রাব হওয়ার মতো লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুত স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারণ, এসব ক্ষেত্রে মৃগীরোগসহ অন্য কোনো স্নায়বিক সমস্যার ইঙ্গিত থাকতে পারে।
বিশেষজ্ঞরা নিয়মিত ও পর্যাপ্ত ঘুম, নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস, মানসিক চাপ নিয়ন্ত্রণ, ধূমপান বর্জন এবং রাতে অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। এসব অভ্যাস হিপনিক জার্কের প্রবণতা কমাতে সহায়ক হতে পারে।

