জাতীয়

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সংগৃহীত ছবি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল, নদীভাঙন রোধ, ভূমি ব্যবস্থাপনা, গ্রামীণ সড়ক উন্নয়ন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ এবং তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান।

অনুমোদিত ১৩টি প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ১১৮ কোটি ৩৩ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৮২ কোটি ২৮ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে ৮টি নতুন, ৩টি সংশোধিত এবং ২টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

একনেকে অনুমোদিত প্রকল্পের মধ্যে স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি উদ্যোগ রয়েছে। এর একটি হলো ‘ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট অ্যাগেইনস্ট টিবি, এইচআইভি/এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ’। অন্যটি ‘পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন’ প্রকল্পের প্রথম সংশোধন।

এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের বিদ্যমান শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও সম্প্রসারণ এবং চট্টগ্রামের রৌফাবাদে মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানের হোস্টেল ভবন সম্প্রসারণের প্রকল্পও অনুমোদন পেয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে মুসাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা, নদী ব্যবস্থাপনা ও নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প রয়েছে।

অন্য প্রকল্পটির আওতায় ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষার উদ্যোগ নেওয়া হবে।

ভূমি মন্ত্রণালয়ের আওতায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে ৩টি সিটি করপোরেশন, ১টি পৌরসভা ও ২টি গ্রামীণ উপজেলায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্পও অনুমোদন পেয়েছে। এর মধ্যে রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ এবং মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প রয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের তৃতীয় সংশোধন অনুমোদন করা হয়েছে। সংশোধনের ফলে প্রকল্পটির ব্যয়ও বাড়ছে। সংশোধিত প্রকল্পের মোট ব্যয় দাঁড়াচ্ছে ২২ হাজার ২১৩ কোটি ১০ লাখ টাকা এবং বাস্তবায়নের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর একটি ফেনীর সোনাগাজীতে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ এবং অন্যটি তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প।

এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২ (এফএসএসপি-২) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের র‍্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পও অনুমোদিত হয়েছে।

সভায় পরিকল্পনামন্ত্রীর নিজস্ব ক্ষমতাবলে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত আরও ১৫টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ১০ জেলায় বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপন, রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধন, ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, সারা দেশে নিরাপদ পানি সরবরাহ, ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন এবং বিভিন্ন নদীর তীর সংরক্ষণ প্রকল্প।

একনেকের এবারের অনুমোদিত প্রকল্পগুলো স্বাস্থ্য, পানি ও নদী ব্যবস্থাপনা, ভূমি, সড়ক, বিমানবন্দর, বিদ্যুৎ ও আর্থিক খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনসেবামূলক খাতকে অন্তর্ভুক্ত করেছে।

ফিনান্সিয়াল বার্তা/ এইচ

ক্যাটাগরি