জাতীয়

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণ দেবেন।

জাতিসংঘের সূচি অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য—‘Restoring trust, managing transformation: A United Nations that delivers for all’। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। শুরুতে ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সফরের পরিকল্পনা থাকলেও এখন ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এর ফলে সফরে সানফ্রান্সিসকো যাওয়ার পূর্বপরিকল্পনাও বাদ পড়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকাও ছোট করা হয়েছে।

নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক ও বাংলাদেশ আয়োজিত বিভিন্ন পার্শ্বআলোচনায় অংশ নেবেন। এবারের উচ্চপর্যায়ের বৈঠকগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মহামারি প্রতিরোধ ও প্রস্তুতি এবং পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু রয়েছে। ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশ রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে একাধিক আলোচনা আয়োজন করবে। এসব অনুষ্ঠানে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হতে পারে।

সফরকালে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতিও চলছে। সম্ভাব্য বৈঠকের তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেংকোভিচ এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সল বিন ফারহান আল সৌদ। তবে এসব বৈঠকের সময়সূচি কূটনৈতিক প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয়ের ওপর নির্ভর করবে।

এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক, শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণ হতে যাচ্ছে।

ক্যাটাগরি