জাতীয়

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেন।

তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এ সফরে তাঁর সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ ৩৫ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের শীর্ষ নেতারা।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয় গুরুত্ব পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। ওইদিন জাতিসংঘ মহাসচিবের দেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে স্বাগত প্রাতঃরাশ এবং অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের অভ্যর্থনা অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে।

২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বৈশ্বিক বৈষম্য সংকট মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তন ও ন্যায্য রূপান্তর নিয়ে উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলা বিষয়ক উচ্চপর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ সদস্যের প্রতিনিধিদলে কয়েকজন মন্ত্রিসভা সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা রয়েছেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিও নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

প্রধানমন্ত্রীর সফরে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও দ্বিপক্ষীয় আলোচনাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দায়িত্ব পালন করায় এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

ক্যাটাগরি