জাতীয়

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর প্রেস উইং তাঁর নিউইয়র্ক পৌঁছানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সফরসূচি অনুযায়ী, ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাঁকে স্বাগত জানাতে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরের টার্মিনাল-৮ এলাকায় আনন্দ ও স্বাগত মিছিলের আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তাদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা, পোস্টার, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। বিভিন্ন স্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত হয়ে ওঠে।

এর আগে আনন্দ মিছিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, গিয়াস আহমেদ, আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুল, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর বাংলাদেশি কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ। তাঁদের বক্তব্য অনুযায়ী, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে তাঁর নেতৃত্ব প্রবাসীদের অনুপ্রাণিত করেছে।

এর আগে সোমবার সকালে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। পরে ইস্তাম্বুলে প্রায় দুই ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতির পর নিউইয়র্কের উদ্দেশে ফের যাত্রা করে তাঁকে বহনকারী বিমান।

ক্যাটাগরি