জাতীয়

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ, শুরু ট্রায়াল রান

ছবি: সংগৃহীত

অবশেষে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে পরীক্ষামূলকভাবে যুক্ত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত হয় কেন্দ্রটি। এর মধ্য দিয়ে শুরু হয়েছে বিদ্যুৎকেন্দ্রটির পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হওয়ার পর বিকেল ৩টা ৪৫ মিনিটে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়।

এর আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়। এই পরীক্ষামূলক সংযোগের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের কার্যক্রম আরও এগিয়ে যাবে।
রূপপুরের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হওয়ায় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় ৩৩তম দেশ হিসেবে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর কেন্দ্রটি পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১০৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
এদিকে, কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজও এগিয়ে চলছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার কথা রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এতে লোডশেডিং কমার পাশাপাশি জ্বালানি আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

ক্যাটাগরি