জাতীয়

ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন, গতি হবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার

দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম রুট পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের গুরুত্বপূর্ণ রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি বলেন, দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডর হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথ নির্বাচন করা হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রুটেও বৈদ্যুতিক ট্রেন সংযোগ সম্প্রসারণের পথ তৈরি হবে।

সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প

রেলওয়ে সূত্রে জানা গেছে, পাইলট প্রকল্পটির আনুমানিক ব্যয় প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। প্রকল্পের সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট বহন করবে সরকার।

প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। ২০২৮ সালের মাঝামাঝি থেকে বড় ধরনের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

১৬ সেট আধুনিক বৈদ্যুতিক ট্রেন

পাইলট প্রকল্পের আওতায় ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। এসব ট্রেনের দুই প্রান্তেই চালকের কক্ষ থাকবে। ফলে ট্রেনের চলাচলের দিক পরিবর্তনের জন্য আলাদাভাবে ঘোরানোর প্রয়োজন হবে না। এতে নির্দিষ্ট বিরতিতে নিয়মিত ট্রেন পরিচালনা সহজ হবে।

সংশ্লিষ্টদের মতে, বৈদ্যুতিক ট্রেন চালু হলে যাত্রীসেবার মান বাড়ার পাশাপাশি পণ্য পরিবহনের গতি বৃদ্ধি পাবে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে।

রেলপথে কনটেইনার পরিবহন বাড়ানোর পরিকল্পনা

ঢাকা-চট্টগ্রাম রেলপথ দেশের অর্থনীতি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রেলপথ রাজধানীকে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত করেছে।
বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়। যা মোট কনটেইনার পরিবহনের প্রায় ৩ শতাংশ।

ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের মাধ্যমে রেলপথে বছরে কনটেইনার পরিবহনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এতে রেলপথে পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে বলে আশা করছে রেলওয়ে।

রেল অবকাঠামো উন্নয়নে একাধিক উদ্যোগ

বৈদ্যুতিক ট্রেন চালুর উপযোগী অবকাঠামো গড়ে তুলতে রেলওয়ে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। অন্যদিকে, টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণের কাজ শেষ হয়েছে। জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ স্থাপনের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণের উদ্যোগও নেওয়া হয়েছে।

এ ছাড়া টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনগুলোকে ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তরের কাজ চলছে। ভবিষ্যতে এসব রেলপথ বিদ্যুতায়নের উপযোগী করে গড়ে তোলাই এর অন্যতম উদ্দেশ্য।

বুলেট ট্রেনের পরিবর্তে বৈদ্যুতিক ট্রেনে গুরুত্ব

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর পরিবর্তে সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার কোটি থেকে ২ লাখ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে। পাশাপাশি জমি অধিগ্রহণ এবং ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান এলাকায় এ ধরনের রেলপথ নির্মাণ বড় চ্যালেঞ্জ।
তাই অবকাঠামো নির্মাণের ব্যয় ও জমির প্রয়োজনীয়তা বিবেচনায় বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনাকে তুলনামূলক বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কমবে জ্বালানি ব্যয় ও কার্বন নিঃসরণ

বৈদ্যুতিক ট্রেন চালু হলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমার পাশাপাশি কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ হ্রাসের সম্ভাবনা রয়েছে। রেলওয়ে নতুন প্রকল্পগুলোর পরিবেশগত সুফল এবং কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনাও মূল্যায়ন করছে।

এ ছাড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়ার মাধ্যমে এসব প্রকল্প থেকে কার্বন ক্রেডিট অর্জনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা।
সূত্র: বাসস

ক্যাটাগরি