‘তুই আমার গায়ে হাত দিয়েছিস ক্যান’, আদালতে ক্ষোভ পরীমনির

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। এ সময় তাঁকে ঘিরে সাংবাদিক ও উৎসুক মানুষের ভিড় দেখা যায়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালত থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মী ও সহকারীদের নিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন পরীমনি। এ সময় তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। কেউ কেউ দূর থেকে জামিনের পর তাঁর প্রতিক্রিয়া জানতে চান। তবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে গাড়ির দিকে এগিয়ে যান তিনি।
গাড়িতে ওঠার ঠিক আগমুহূর্তে হঠাৎ এক ব্যক্তির দিকে এগিয়ে গিয়ে পরীমনি বলতে থাকেন, ‘তুই আমার গায়ে হাত দিয়েছিস ক্যান!’ জবাবে মুঠোফোন হাতে থাকা ওই ব্যক্তি বলেন, ‘আমি আপনার গায়ে হাত দিব কেন? আমি ভিডিও করছি।’
এ সময় পরীমনির সহকারীদেরও ওই ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলতে শোনা যায়। প্রায় ৩০ সেকেন্ড ধরে এ নিয়ে উত্তেজিত অবস্থায় কথা বলেন অভিনেত্রী। তাঁকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’
একপর্যায়ে উপস্থিত লোকজন ওই ব্যক্তিকে সরিয়ে দেন। ক্ষোভ প্রকাশ করতে করতেই দ্রুত গাড়িতে উঠে আদালত প্রাঙ্গণ ছাড়েন পরীমনি। অন্যদিকে, ওই ব্যক্তি দাবি করেন, তিনি অভিনেত্রীর গায়ে হাত দেননি; শুধু ভিডিও করছিলেন।
যে মামলায় জামিন পেলেন পরীমনি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় পরীমনির বিরুদ্ধে বিচার চলছে। মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য বুধবার (৪ নভেম্বর) দিন ধার্য ছিল। তবে ওই দিন আদালতে হাজির হননি অভিনেত্রী।
তাঁর আইনজীবী সময় চেয়ে আবেদন করলেও আদালত তা গ্রহণ করেননি। বরং পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত। পরে বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
এর আগে গত বছরের ২৬ জানুয়ারি মামলাটিতে পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিনও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন এই অভিনেত্রী।
নতুন সিনেমার কাজেও ব্যস্ত পরীমনি
মামলার আইনি প্রক্রিয়ার পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ কাজ করেছেন তিনি। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।
এ ছাড়া ‘ফারজানা’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজও প্রায় শেষ করেছেন অভিনেত্রী। তারেক রহমান পরিচালিত সিনেমাটির কাজ নিয়েও বর্তমানে ব্যস্ত রয়েছেন তিনি।



