রাজধানী

বাজারে শীতের আগাম সবজি, দাম শুনে মাথায় হাত ক্রেতাদের

ছবি: এআই নির্মিত

রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি। সরবরাহ বাড়তে শুরু করলেও এখনো কমেনি দাম। নতুন আলু বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি, গাজর ১০০ থেকে ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকা কেজি দরে। অন্যদিকে মাছ, মাংস ও ডিমের বাজারেও স্বস্তি নেই। ফলে বাড়তি বাজার খরচে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পুরোনো আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা, নতুন আলু ১৪০ থেকে ১৬০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, গোল বেগুন ১০০ টাকা এবং লম্বা বেগুন ৬০ থেকে ৮০ টাকা দরে। এ ছাড়া করলা ৮০ থেকে ১০০ টাকা, শিম প্রকারভেদে ৮০ থেকে ১২০ টাকা, শসা ১০০ টাকা এবং গাজর ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ফুলকপি আকারভেদে ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ঝিঙে, পটল, চিচিঙ্গা, ঢেঁড়স ও মূলা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।

মাছের বাজারেও তেমন স্বস্তি নেই। বেশিরভাগ মাছ বিক্রি হচ্ছে আগের উচ্চ দামেই। প্রতি কেজি রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া কাতলা মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে ইলিশ। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত। বড় আকারের ইলিশের দাম ছাড়িয়ে গেছে ২ হাজার ৬০০ টাকা।

আমিষের অন্যতম উৎস ডিমের দামেও স্বস্তি নেই। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায়। এতে সাধারণ মানুষের দৈনন্দিন বাজার খরচ আরও বেড়েছে।

মাংসের বাজারেও দামের তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকায়। এ ছাড়া গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, আগের সপ্তাহের তুলনায় এসব পণ্যের দামে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।

বিক্রেতারা বলছেন, এখনো বাজারে পর্যাপ্ত নতুন সবজি আসেনি। সরবরাহ বাড়লে সবজির দাম কমতে পারে। তাদের ধারণা, আরও এক সপ্তাহ পর বাজারে সবজির দাম কিছুটা কমবে। একই সবজির একাধিক ধরনের সরবরাহ বাজারে দেখা গেলে দাম কমার প্রবণতা স্পষ্ট হবে।

বাজার করতে আসা নাঈম বলেন, ‘বাজারের অবস্থা এখনো আগুন। অনেক সবজির দাম বেশি হওয়ায় কিনতেই পারছি না। এভাবে চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে যাবে। মাছের বাজারেও একই অবস্থা। মাছ কিনতে গিয়ে শেষ পর্যন্ত ফিরে এসেছি। যে মাছ আগে ৮০০ টাকায় পাওয়া যেত, এখন তা ১ হাজার ২০০ টাকাতেও মিলছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষের সংসার চালানো দায় হয়ে পড়বে।’

ক্যাটাগরি