ব্যয় সংকোচনে কড়াকড়ি: সরকারি গাড়ি কেনা, বিদেশ সফর ও বিশেষ ঋণ সুবিধা স্থগিত

চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারি ব্যয় কমাতে একাধিক কড়াকড়ি আরোপ করেছে সরকার। উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় সব ধরনের মোটরযান, জলযান ও আকাশযান কেনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় ব্যক্তিগত গাড়ি কেনাও বন্ধ রাখা হয়েছে।
বুধবার (৮ জুলাই) অর্থ বিভাগ জারি করা এক পরিপত্রে জানানো হয়, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনাটি সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর করপোরেশন ও রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।
তবে ১০ বছরের বেশি পুরোনো যানবাহন প্রতিস্থাপন এবং নতুন সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যানবাহন অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে কেনা যাবে। এছাড়া অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা বাহিনীর যানবাহন ছাড়া নতুন বা প্রতিস্থাপিত সব জিপ ও কার ফুল ইলেকট্রিক ভেহিক্যাল (এফইভি) হতে হবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ আপাতত বন্ধ থাকবে। তবে উন্নয়ন সহযোগী, বিদেশি সরকার বা আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণ এবং স্কলারশিপ বা ফেলোশিপের আওতায় উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণ চালু থাকবে।
এ ছাড়া পরিচালন বাজেট থেকে নতুন ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ এবং থোক বরাদ্দের অর্থ ব্যয়ের ওপরও কড়াকড়ি আরোপ করেছে সরকার। সব ক্ষেত্রে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।




