জাতীয়

ভারতীয় ভিসায় নতুন শর্ত, সব আবেদনকারীর জন্য বাধ্যতামূলক অঙ্গীকারনামা

ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসার আবেদনপ্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে পর্যটন, চিকিৎসা, ব্যবসাসহ সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা অঙ্গীকারনামা পূরণ করে জমা দিতে হবে। এই ফর্ম ছাড়া কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভারতীয় হাইকমিশনের ভিসা আবেদনবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের প্রথমে ভারতীয় হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ সংগ্রহ করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে স্ক্যান করতে হবে। স্ক্যান করা ফর্মটি অনলাইন ভিসা আবেদন পোর্টালে (এনআইসি ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল) আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

হাইকমিশনের নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ফরম্যাটের বাইরে অন্য কোনো ফর্ম ব্যবহার করা যাবে না। বিকল্প ফরম্যাটে অঙ্গীকারনামা জমা দিলে তা গ্রহণযোগ্য হবে না। ভিসা দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিয়মশৃঙ্খলা বজায় রাখার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভিসা আন্ডারটেকিং ফর্মে যেসব তথ্য দিতে হবে

নির্ধারিত এক পাতার ফর্মের শুরুতে আবেদনকারীর নাম উল্লেখ করতে হবে। পাশাপাশি অঙ্গীকার করতে হবে, ভিসার আবেদনে যে উদ্দেশ্যের কথা উল্লেখ করা হয়েছে, ভারত সফরের সময় তিনি কেবল সেই উদ্দেশ্যেই দেশটিতে যাবেন। এ ছাড়া আবেদনের দিন তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রের বাসিন্দা এবং আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক—এমন ঘোষণাও দিতে হবে।

ফর্মের প্রথম অংশে ব্যক্তিগত পরিচিতিসংক্রান্ত পাঁচটি তথ্য চাওয়া হয়েছে। এগুলো হলো—পাসপোর্টে থাকা পূর্ণ নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকায় বসবাসের বর্তমান ঠিকানা।

দ্বিতীয় অংশে ভারত সফরের উদ্দেশ্য উল্লেখ করতে হবে। এ ক্ষেত্রে পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা কোনো সম্মেলনে অংশগ্রহণের মতো নির্দিষ্ট কারণ লিখতে হবে।

আবেদনকারীদের তিনটি বিষয়ে অঙ্গীকার করতে হবে

ফর্মে আবেদনকারীদের তিনটি বিষয়ে অঙ্গীকার করতে বলা হয়েছে।

প্রথমত, ভারত সফর শেষে নিজ দেশে ফিরে আসতে হবে এবং ভিসার নির্ধারিত মেয়াদের বাইরে দেশটিতে অবস্থান করা যাবে না।

দ্বিতীয়ত, ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত সব আইন, বিধিবিধান ও সংস্কৃতি অনুসরণ করতে হবে।

তৃতীয়ত, ভারতে অবস্থানকালে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়ানো যাবে না।

ফর্মে সতর্ক করে বলা হয়েছে, এসব শর্তের ব্যত্যয় ঘটলে আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে।

অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বাবা-মায়ের স্বাক্ষর বাধ্যতামূলক

ফর্মের শেষাংশে আবেদনকারীকে নিজের স্বাক্ষর দিতে হবে। পাশাপাশি ফর্ম পূরণের স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। তবে অপ্রাপ্তবয়স্কদের ভিসা আবেদনের ক্ষেত্রে বাবা ও মা—উভয়ের স্বাক্ষর নেওয়ার নির্দেশনা রয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ভারতীয় ভিসার আবেদন জমা দেওয়ার আগে নির্ধারিত অঙ্গীকারনামা যথাযথভাবে পূরণ এবং অনলাইন পোর্টালে আপলোড করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে হবে আবেদনকারীদের। অন্যথায় আবেদন গ্রহণ না করার ঝুঁকি রয়েছে।

ক্যাটাগরি