জাতীয়

মালয়েশিয়ায় বিনা খরচে যেতে, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন

ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। মোট ৪ হাজার ২৯ জন আবেদনকারীর মধ্য থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বচ্ছতার সঙ্গে এ প্রার্থী নির্বাচন করা হয়। চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মী বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।

রোববার (৮ নভেম্বর) বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং সাংবাদিকদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল পর্যন্ত অনলাইনে জমা পড়া আবেদনগুলো থেকে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন।

নির্বাচিত প্রার্থীদের তালিকা শিগগিরই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

১১ ও ১২ নভেম্বর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা

প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে আগামী ১১ ও ১২ নভেম্বর। নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ১১২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে।

অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ১ কোটি জনশক্তি পাঠানোর লক্ষ্য রয়েছে। এ ধরনের উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

পাশাপাশি প্রবাসীকল্যাণমন্ত্রীর ঘোষিত শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও বাস্তবায়িত হচ্ছে বলে জানান তিনি।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বোয়েসেলের স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দিতে চান তারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নির্বাচিত কর্মীদের ফ্লাইট শুরু হবে। এ ছাড়া বোয়েসেল ইতিমধ্যে পর্যটন, ম্যানুফ্যাকচারিং ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে।

যে খরচ বহন করবে নিয়োগকর্তা

বোয়েসেল জানিয়েছে, মেডিকেল পরীক্ষা, বিমানভাড়াসহ মালয়েশিয়া যাওয়ার সম্পূর্ণ খরচ নিয়োগকর্তা বহন করবে। ফলে চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীরা কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।

ক্যাটাগরি