ফিফা বিশ্বকাপ

মেসিকে নিষ্প্রভ করেই বিশ্বজয় স্পেনের, জানালেন মাইকা রিচার্ডস

ছবি: বিবিসি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে রাখার কৌশলই স্পেনের শিরোপা জয়ের অন্যতম বড় চাবিকাঠি ছিল বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার মাইকা রিচার্ডস। তার মতে, বলের দখলে আধিপত্য ধরে রেখে মেসিকে রক্ষণে ফিরতে বাধ্য করায় নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের বিপক্ষে পুরো ম্যাচে মাত্র ৫৪ বার বল স্পর্শ করেন মেসি। আরও বিস্ময়কর বিষয় হলো, ৯০ মিনিটে একবারও স্পেনের পেনাল্টি বক্সে বল নিয়ে প্রবেশ করতে পারেননি তিনি। ম্যাচজুড়ে বারবার তাকে মাঝমাঠে নেমে এসে বল সংগ্রহ করতে দেখা যায়, ফলে আক্রমণভাগে তার প্রভাব ছিল খুবই সীমিত।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে রিচার্ডস বলেন, “সবাই জানতে চাইছিল, মেসিকে কীভাবে থামানো যায়। এর উত্তর হলো, বল নিজেদের দখলে রাখতে হবে এবং তাকে উল্টো দিকে দৌড়াতে বাধ্য করতে হবে। স্পেন ঠিক সেটাই করেছে।”

তবে একটি ম্যাচের পারফরম্যান্স দিয়ে মেসির পুরো বিশ্বকাপ মূল্যায়ন করতে নারাজ রিচার্ডস। তার মতে, পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টাইন অধিনায়ক ছিলেন অন্যতম সেরা খেলোয়াড়।

তিনি বলেন, “এই বিশ্বকাপে সে সেরাদের একজন ছিল, যদি সবচেয়ে সেরা না-ও হয়। বল ছাড়া তার কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা অবিশ্বাস্য। আমরা একজন অসাধারণ ফুটবলারের মহত্ত্বের সাক্ষী হচ্ছি।”

শেষ পর্যন্ত ফেররান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচজুড়ে মেসিকে কার্যকরভাবে আটকে রাখার পরিকল্পনা সফল হওয়ায় শিরোপার পথে বড় সুবিধা পায় লুইস দে লা ফুয়েন্তের দল।

সূত্র: বিবিসি

ক্যাটাগরি