জাতীয়

রাজধানীতে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত, গরমে মিলল স্বস্তি

ছবি: সংগৃহীত

সারা দিনের ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকায় হঠাৎ শুরু হয়েছে বৃষ্টি ও বজ্রপাত। সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর আকাশে মেঘ জমে শুরু হয় ঝুম বৃষ্টি। এতে দিনের গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক বজ্রপাতও হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছিল ৮ দশমিক ১ ডিগ্রি।

রাজধানীর উত্তরা, বিমানবন্দর, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এ ছাড়া গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জেও বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা ও কক্সবাজারেও বৃষ্টিপাত হয়েছে।

এর আগে সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে শীতের আগমনী বার্তার মধ্যেই আগামী তিন মাসের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত দেশের ওপর দিয়ে ৪ থেকে ৬টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে।

তবে সামগ্রিকভাবে এবারের শীত মৌসুম স্বাভাবিকের তুলনায় কিছুটা উষ্ণ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

চলতি নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত সময়ের জন্য প্রকাশিত দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশা, বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বর মাসে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

বিশেষ করে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু এলাকায় শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।

ক্যাটাগরি