ফিফা বিশ্বকাপ

রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের ইতি, স্পেনের নাটকীয় জয়

ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নাটকীয় লড়াইয়ে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে স্পেন। সোমবার ডালাস স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকলেও ইনজুরি সময়ের প্রথম মিনিটে বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্প্যানিশরা।

ম্যাচজুড়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলরক্ষকদের দুর্দান্ত নৈপুণ্যে বারবার রক্ষা পায় উভয় দল। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স ও ব্রুনো ফার্নান্দেস একাধিক সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি। অন্যদিকে স্পেনের আক্রমণও ঠেকিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগোকস্তা।

ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায় থাকতেই ফেরান তোরেসের পাস থেকে দারুণ ফিনিশে জয়সূচক গোল করেন মেরিনো। গোল হজমের পর মরিয়া হয়ে ওঠা পর্তুগাল শেষ মুহূর্তে সমতায় ফেরার সুযোগ পেলেও বার্নার্দো সিলভার হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

এই হারের মধ্য দিয়ে শেষ হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন। আগেই ঘোষণা দিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ফলে পর্তুগালের বিদায়ের সঙ্গে শেষ হলো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকার বিশ্বকাপ অধ্যায়ও। অন্যদিকে, স্পেন এখন শিরোপার লক্ষ্যে কোয়ার্টার-ফাইনালের প্রস্তুতি নেবে।

ক্যাটাগরি