শচীনকে পেছনে ফেলে টেস্টে সর্বোচ্চ ফিফটির রেকর্ড রুটের

পাকিস্তানের বিপক্ষে এজবাস্টন টেস্টে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে জয় এনে দেওয়ার পাশাপাশি নতুন রেকর্ড গড়েছেন জো রুট। এই অর্ধশতকের মাধ্যমে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ফিফটির মালিক এখন এককভাবে এই ইংলিশ ব্যাটার।
টেস্টে এটি রুটের ৬৯তম ফিফটি। এর মধ্য দিয়ে ৬৮টি অর্ধশতক নিয়ে এতদিন শীর্ষে থাকা ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন তিনি। শচীন ২০০ টেস্টে ৬৮টি ফিফটি করেছিলেন। রুট এই রেকর্ড গড়লেন তার চেয়ে ৩১টি ম্যাচ কম খেলেই।
সিরিজের প্রথম টেস্টে হেডিংলিতে ৬৬ রান করে শচীনের ৬৮ ফিফটির রেকর্ডে ভাগ বসিয়েছিলেন ৩৫ বছর বয়সী রুট। এবার এজবাস্টনে অপরাজিত ৬২ রানের ইনিংসে নতুন ইতিহাস গড়লেন তিনি।
টেস্টে সর্বোচ্চ ফিফটির তালিকায় রুটের পর রয়েছেন শচীন টেন্ডুলকার (৬৮), শিবনারাইন চন্দরপল (৬৬), অ্যালান বর্ডার (৬৩), রাহুল দ্রাবিড় (৬৩) ও রিকি পন্টিং (৬২)।
তবে ফিফটি প্লাস ইনিংসের হিসাবে এখনো শচীনের চেয়ে পিছিয়ে রুট। শচীনের ১১৯টি ফিফটি প্লাস ইনিংসের বিপরীতে রুটের সংখ্যা ১১০। রুটের ৬৯ ফিফটির সঙ্গে রয়েছে ৪১টি সেঞ্চুরি। এই তালিকায় শচীনের পরই আছেন রুট।
এজবাস্টনে আরও একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছেন রুট। প্রথম ব্যাটার হিসেবে এই মাঠে টেস্টে এক হাজার রানের গণ্ডি পেরিয়েছেন তিনি। ১১ টেস্টে তার রান এখন ১ হাজার ১৮। একই সঙ্গে ইংল্যান্ডের চারটি ভেন্যুতে এক হাজার বা তার বেশি টেস্ট রান করার কীর্তিও গড়েছেন তিনি।
এর আগে লর্ডসে ২ হাজার ২০৩, ম্যানচেস্টারে ১ হাজার ১২৮ এবং ওভালে ১ হাজার ৫০ রান করেছেন রুট। বিশ্বের মাত্র জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংয়েরও চারটি ভিন্ন মাঠে এক হাজারের বেশি টেস্ট রান রয়েছে।
টেস্টে রুটের মোট রান এখন ১৪ হাজার ২৭৮। ১৫ হাজার ৯২১ রান নিয়ে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকারের রেকর্ডের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার।



