সাফ চ্যাম্পিয়নশিপ: ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিম। তাঁর ৬৯ মিনিটের গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ার দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। একের পর এক আক্রমণ সাজিয়ে ভুটানের রক্ষণে চাপ তৈরি করে স্বাগতিকরা। প্রথমার্ধেই ১২টি শট নেয় বাংলাদেশ। তবে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি দল।
১৭তম মিনিটে রাকিব হোসেনের ক্রস থেকে হেড করেছিলেন বিশ্বনাথ ঘোষ। কিন্তু বল লক্ষ্যে রাখতে পারেননি তিনি। আট মিনিট পর ফাহিমের শট ফিরিয়ে দেন ভুটানের গোলরক্ষক। ফিরতি বল থেকে সমিতের প্রচেষ্টাও রক্ষণে আটকে যায়। ৩৯ মিনিটে রাকিবের পাস থেকে আবারও সুযোগ পেয়েছিলেন বিশ্বনাথ। এবারও তাঁর শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পরও গোলের জন্য চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে মাঝমাঠের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের দখলে নেয় ভুটান। এতে বাংলাদেশের আক্রমণের ধার কিছুটা কমে যায়।
ম্যাচের গতিপথ বদলাতে ৬৫ মিনিটে দুটি পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ। জামাল ভূঁইয়ার বদলে সোহেল রানা এবং বিশ্বনাথের পরিবর্তে মোহাম্মদ ইব্রাহিমকে মাঠে নামানো হয়। এই পরিবর্তনেই আসে কাঙ্ক্ষিত সাফল্য।
৬৫ মিনিটে ফাহামেদুল ইসলামের শট ফিরিয়ে দেন ভুটানের গোলরক্ষক গিয়েলশেন জাংপো। তিন মিনিট পর জায়ানের লম্বা বল থেকে রাকিবের হেড এবং সমিতের ফিরতি হেড ডিফ্লেক্ট হয়ে পৌঁছায় ইব্রাহিমের কাছে। ডান পায়ের নিখুঁত শটে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন ফর্টিস এফসির এই ফরোয়ার্ড।
গোলের পর জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে উল্লাস ছড়িয়ে পড়ে। বাকি সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি হলেও আর গোল করতে পারেনি বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ইব্রাহিমের একমাত্র গোলের লিড ধরে রেখে ১-০ ব্যবধানের জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
এর আগে সন্ধ্যায় সাফ চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২০০৩ সালের সাফজয়ী দলের সদস্য ও বর্তমান সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ট্রফি উন্মোচন ও আতশবাজির মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী আয়োজন।
ভুটানের বিপক্ষে এই জয়ের মধ্য দিয়ে সাফে তাদের বিপক্ষে আগের আধিপত্যও ধরে রাখল বাংলাদেশ। দুই দলের আগের সাত দেখায় বাংলাদেশের জয় ছিল ছয়টি, ড্র একটি।
এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। এর আগে ৮ নভেম্বর ভুটানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।
উল্লেখ্য, উদ্বোধনী দিনের অন্য ম্যাচে ‘বি’ গ্রুপের লড়াইয়ে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত।



