রাজধানী

১ ডিসেম্বরের মধ্যে হাইড্রোলিক হর্ন ও হুটার সরানোর নির্দেশ ডিএমপির

ফাইল ছবি

রাজধানীতে যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব সরঞ্জাম আগামী ১ ডিসেম্বরের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন যানবাহনে অনুমোদন ছাড়াই হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে নগরীতে শব্দদূষণ বাড়ছে। পাশাপাশি নগরবাসীর দুর্ভোগের সৃষ্টি হচ্ছে এবং স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে।

ডিএমপি জানায়, এসব হর্নের বিকট শব্দ শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এ কারণে জনস্বার্থে যানবাহন থেকে অনুমোদনহীন এসব সরঞ্জাম অপসারণ জরুরি।

গণবিজ্ঞপ্তিতে যানবাহনের মালিক ও চালকদের আগামী ১ ডিসেম্বরের মধ্যে হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম পাওয়া গেলে কিংবা ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাটাগরি