অর্থনীতি

অর্থনীতির আকারে ২০৩০ সালে মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

ছবি: সংগৃহীত

আগামী চার বছরে বাংলাদেশের অর্থনীতির আকার উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের নামমাত্র মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়ে ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এ সময় জিডিপির আকারে মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশের অর্থনীতিকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কানাডাভিত্তিক সংবাদমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ প্রতিবেদনে আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের পূর্বাভাসের ভিত্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

আইএমএফের পূর্বাভাস বলছে, ২০৩০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির আকার ১৫০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। বৈশ্বিক অর্থনীতির এই প্রবৃদ্ধিতে এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শীর্ষে থাকবে যুক্তরাষ্ট্র

পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালেও বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি থাকবে যুক্তরাষ্ট্র। দেশটির নামমাত্র জিডিপি ৩৭ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। দ্বিতীয় অবস্থানে থাকা চীনের অর্থনীতির আকার হতে পারে ২৬ ট্রিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে থাকবে জার্মানি, যার সম্ভাব্য জিডিপি ৬ দশমিক ২ ট্রিলিয়ন ডলার।

তবে জার্মানি ও ভারতের মধ্যে ব্যবধান খুবই কমে আসবে। ২০৩০ সালে জার্মানির জিডিপি ৬ দশমিক ১৭৮ ট্রিলিয়ন এবং ভারতের ৬ দশমিক ১৭৩ ট্রিলিয়ন ডলার হতে পারে। অর্থাৎ ব্যবধান মাত্র ৫ বিলিয়ন ডলার।

এশিয়ার অর্থনীতির দাপট বাড়বে

২০৩০ সালের মধ্যে এশিয়া ও মধ্যপ্রাচ্যের সম্মিলিত অর্থনৈতিক উৎপাদন ৫৫ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা বৈশ্বিক অর্থনীতির এক-তৃতীয়াংশেরও বেশি।

চীন ও ভারতের পর এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে জাপান। দেশটির জিডিপি প্রায় ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। এরপর দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ার অর্থনীতির আকার যথাক্রমে ২ দশমিক ৩ ট্রিলিয়ন ও ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলার হতে পারে।

ইউরোপের সম্মিলিত অর্থনীতির আকার ২০৩০ সালে প্রায় ৩৭ ট্রিলিয়ন ডলার হতে পারে। এর মধ্যে জার্মানি, ফ্রান্স ও ইতালি থাকবে শীর্ষে। ইউরোপীয় ইউনিয়নের বাইরে যুক্তরাজ্যের অর্থনীতি ৫ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।এখানে ক্লিক করুন: https://www.visualcapitalist.com/the-150-trillion-global-economy-in-2030/

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি