শিক্ষা

একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার

ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয়। ফলাফলে একজন শিক্ষার্থী শেষ পর্যন্ত কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তা জানা যাবে।

শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন। (https://xiclassadmission.gov.bd/) পাশাপাশি আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।

চূড়ান্ত ফল প্রকাশের পর এখন নির্বাচিত শিক্ষার্থীদের মনোনীত কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানিয়েছে, রোববার (২০ সেপ্টেম্বর) থেকে কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ধাপে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন।

তাদের মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছিলেন। তবে অনলাইনে আবেদন করেও ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছিলেন ২ হাজার ২০৫ জন।

এ ছাড়া দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পছন্দক্রমে কলেজ নির্বাচন করেননি। অন্যদিকে, ৪১৬টি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য কোনো শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি।

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয় গত ২ সেপ্টেম্বর। আবেদন করার শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর রাত ৮টা।

ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন। পছন্দক্রম, শিক্ষার্থীর ফলাফল ও সংশ্লিষ্ট কলেজের আসনসংখ্যার ভিত্তিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

চূড়ান্ত ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে মনোনীত কলেজে ভর্তি সম্পন্ন করতে হবে।

ক্যাটাগরি