শিক্ষা

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, আবেদন শুরু কবে?

ছবি: সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী দু-এক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আর অনলাইনে আবেদন কার্যক্রম ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে শুরু হতে পারে।

শনিবার (৭ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগামী ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এ ছাড়া ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা থাকায় ১৮ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন শুরুর সময়সূচি সম্পর্কে অধ্যাপক নাজমুল হোসেন জানান, আগামী দু-এক দিনের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে পারে।

এদিকে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর পুনঃপরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

ফলে পুনঃপরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ বিষয়ে ভর্তি বিজ্ঞপ্তিতে বিস্তারিত নির্দেশনা আসতে পারে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরবর্তী বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতা, আবেদন ফি, পরীক্ষার মানবণ্টন, প্রবেশপত্র সংগ্রহ ও ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্যান্য নির্দেশনা জানানো হবে।

ক্যাটাগরি