অক্টোবরে এলো ২৮৭ কোটি ডলারের রেমিট্যান্স, বেড়েছে ১০ কোটি ডলারের বেশি

অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকার বেশি। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১০ কোটি ৭৬ লাখ ডলার।
রবিবার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে। একই সঙ্গে আগের মাস সেপ্টেম্বরের তুলনায়ও রেমিট্যান্স বেড়েছে। ওই মাসে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলারের প্রবাসী আয় এসেছিল।
তবে টানা পাঁচ মাস ধরে দেশে তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসেনি। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের ডিসেম্বর থেকে মে পর্যন্ত কয়েক মাসে তিন বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছিল।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৫০ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার।
এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ২১২ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে।
অক্টোবর মাসে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স প্রবাহের চিত্রেও ওঠানামা দেখা গেছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলারের রেমিট্যান্স আসে। আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার। সেপ্টেম্বরে তা কমে দাঁড়ায় ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলারে। অক্টোবরে আবার বেড়ে হয়েছে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। আগের ২০২৪-২৫ অর্থবছরে এই অঙ্ক ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার। অর্থাৎ, গত অর্থবছরে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছিল।



